ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার চারটি ইউনিয়নে একজন চেয়ারম্যান এবং আটজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে বৃহস্পতিবার খুলনার ৬৭টি ইউনিয়নের ৩ হাজার ৭১৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। পছন্দের প্রতীক নিয়েই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
খুলনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনার ৬৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন। তিনি খুলনার তেরখাদা সদরের তেরখাদা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া এ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড, ছাগলাদাহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ছাচিয়াদহ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আরও ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ তিন ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান একজন চেয়ারম্যান এবং ছয় সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে রূপসা উপজেলার টি.এস বাহিরদিয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার মোল্লা নাসির আহমেদ জানান, এ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী বিনয় কৃষ্ণ হালদার এবং ৮ নং ওয়ার্ডের মো. মঈন উদ্দিন শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
