খুলনায় চিকিৎসক ধর্মঘটে রোগীদের দুর্ভোগ

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২১:৪২

খুলনায় চিকিৎসক ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

 

স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসকের ওপর হামলা প্রতিবাদে বৃহস্পতিবার দিনব্যাপী ধর্মঘট পালন করেছেন চিকিৎসকরা।

 

চিকিৎসকদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ব্যক্তিগত চেম্বারের চিকিৎসা সেবাও। শুধু সরকারি হাসপাতালের জরুরি বিভাগ খোলা। ফলে কার্যত মহানগর ও জেলার চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। এতে চিকিৎসা না পেয়েই রোগীদের হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে।

 

বুধবার রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিক্যাল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) যৌথভাবে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।

 

ধর্মঘটের ফলে খুলনার সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বৃহস্পতিবার সকাল থেকেই চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রধান ফটকে ঝুলছে ধর্মঘট লেখা ব্যানার। চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেওয়ার পরিবর্তে ব্যানার নিয়ে হাসপাতালের গেটে অবস্থান করে সময় পার করেন। ফলে রোগীরাও এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। নগরীর মতো উপজেলাগুলোতেও একই কর্মসূচি পালিত হচ্ছে।