নিখোঁজের তিনদিন পর ২ বোন উদ্ধার, আটক ২

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২২:০৮
লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর শিশু সুবর্ণা আক্তার (১২) ও স্বর্ণা আক্তার (১০) নামের দুই বোনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার জেলা শহরের বাঞ্ছানগর এলাকার মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার ও ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মরিয়ম বেগম ও মোহাম্মদ আলী সর্ম্পকে মা ও ছেলে। তারা লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগরের মৃত মো. হোসেনের স্ত্রী ও ছেলে।
 
দুই শিশুর মা শাহনাজ আক্তার জানান, তার মেয়ে সুবর্ণা স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণি ও স্বর্ণা একই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত সোমবার সকালে তার দুই মেয়ে মাদরাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এরপর তাদের খোজাখুজি করে না পেয়ে বুধবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন তিনি।
 
লক্ষ্মীপুর থানার এসআই আফসার উদ্দিন রুবেল জানান, জিডির পর পুলিশ দুই শিশুকে উদ্ধারের জন্য জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার মুক্তিগঞ্জ এলাকায় ওই দুই বোনকে রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়ে যান অপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে যায়।
 
পরে শিশুদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিশু পাচারকারী দলের সদস্য। এ ঘটনায় থানায় শিশুর মা বাদী হয়ে মানবপ্রাচার আইনে মামলা করেছে। পাচারকারী চক্র ওই ২ বোনকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিল।