রাজধানীর বনশ্রীতে ভাইবোনকে খুনের ঘটনায় তাদের বাবার করা মামলায় মাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মতিঝিলি বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে আজ আদালতে তোলা হচ্ছে। তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হচ্ছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেই তার সন্তানদের শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর বৃহস্পতিবার রাতে শিশু দুটির বাবা আমানুল্লাহ রামপুরা থানায় স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। শিশু দুটির জানাজা ও দাফনের পর বুধবার আমানুল্লাহ ও জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকায় নিয়ে এসেছিল র্যাব।
সম্পর্কে চাচাত ভাই-বোন আমানুল্লাহ-জেসমিন দম্পতির দুই সন্তানের মধ্যে বড় নুসরাত আমান অরণী (১৪) ভিকারুননিসানূন স্কুলে পড়ত, ছোটটি আলভী আমান (৬) পড়ত হলি ক্রিসেন্ট স্কুলে। গত সোমবার রামপুরা বনশ্রীর বাসা থেকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাহফুজার স্বীকারোক্তির বরাতে র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ ফেব্রুয়ারি মেয়ে অরণী যখন গৃহ শিক্ষকের কাছে পড়ছিল, তার মা ও ভাই তখন শোবার ঘরে ঘুমাচ্ছিল। গৃহ শিক্ষক চলে যাওয়ার পর মাহফুজা তার মেয়েকেও ঘুমাতে ডাকেন। অরণী বিছানায় যাওয়ার পর মাহফুজা তার ওড়না দিয়ে পেঁচিয়ে মেয়ের শ্বাসরোধ করেন। এক পর্যায়ে ধস্তাধস্তিতে মেয়ে বিছানা থেকে পড়ে যায়। মেয়ের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর ছেলেকেও একইভাবে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করেন।’
