পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর হয়েছে। এ সময় উভয়পক্ষে অন্তত দশজন আহত হয়েছে।
আমিনপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢালারচর ইউনিয়নে আওয়ামী লীগ বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি কোরবান আলীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির আহেমদ দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিল।
এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কয়েকদফা সংঘর্ষে কালাম ফকির, সাঈদ ব্যাপারী, রঞ্জু খাঁ, রমজান, মঞ্জু কাজী জেহের খাঁসহ দশজন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের বাড়িঘর দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, উভয় পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে এ বিরোধ আরো তীব্র আকার ধারণ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে তিনি জানিয়েছেন।
