পিরোজপুরে আগামী ২২ মার্চ ৫টি ইউনিয়নের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন।
কাউখালীর রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন ও খান জুলহাস কবীরের কাছ থেকে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র্য প্রার্থীরা তাদের ভোটযুদ্ধের প্রতীক পেয়ে মাঠে নেমে পড়েছেন। অনেকে পছন্দের প্রতীক পেয়ে মিষ্টিমুখ করিয়েছেন, এমন খবরও পাওয়া গেছে। সর্বত্র ছিল
উৎসবের পরিবেশ। আবার প্রতীক পাওয়ার পরে অনেকে দৌড়েছেন ছাপাখানায়। কত দ্রুত পোস্টার পাওয়া যায় তা নিশ্চিত করতে। জেলা শহরগুলোর ছাপাখানাগুলোতেও ছিল প্রচুর চাপ। নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হতেই ইউনিয়ন পরিষদগুলোতে প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে, যে মনে হচ্ছে কোনো উৎসব আসছে। প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন। বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।
অনেকে আবার মসজিদ-মন্দিরে গিয়ে দোয়া চাচ্ছেন বা পূজা দিচ্ছেন বলে
জানা গেছে।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হাটে-বাজারে পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে। সুতো টাঙিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার।
দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল। বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুবিধা- অসুবিধার কথা শুনেছেন। অন্যদিকে কথা বলেছেন এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে।
কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । ৮জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬ জন প্রার্থী। এরা হলেন- সয়না রঘুনাথপুর ইউপিতে আবু সাইদ মনু (বাই-সাইকেল), কাজী রফিকুল ইসলাম (নৌকা), মো. নুরুল ইসলাম (ধানের শীষ), আমরাজুড়ি-রাজু আহমেদ (বাই-সাইকেল), ভানু প্রতাপ দে (নৌকা), কৃষ্ণ লাল গুহ (কাস্তে), আব্দুল আলীম (ধানের শীষ), শেখ মো. শামসুদ্দোহা (অটো রিকশা), মো. ফিরোজ আলম (আনারস), কাউখালী সদর- মো.
শাহ আলম তালুকদার (বাই-সাইকেল), আমিনুর রশীদ মিল্টন (নৌকা), মো. বদরুদ্দোজা মিয়া (ধানের শীষ), তসলিম উদ্দিন চুন্নু (আনারস), শিয়ালকাঠি- দেলোয়ার হোসেন (বাই-সাইকেল), গাজী সিদ্দিকুর রহমান (আনারস), মুহাম্মদ মহসীন (ধানের শীষ), হুমায়ুন কবির তালুকদার ( মোটর সাইকেল), চিড়াপাড়া-পারসাতুরিয়া- মো. বজলুর রহমান খান (বাই-সাইকেল), মাহমুদ খান খোকন ( নৌকা), রেজাউল করিম নিরব (ধানের শীষ), নজরুল ইসলাম ( ঘোড়া), জাফর আলী খান নান্না (অটো রিকশা), শেহাবউদ্দিন কাশেমী (হাত পাখা), দেলোয়ার হোসেন মানিক (লাঙ্গল), আবু সায়েম মিয়া (আনরস), মো. নাজমুল হোসেন
(চশমা)।
