প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে। জনশক্তি রফতানি বিষয়ে জাপানের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জাপানের প্রতিনিধিদের বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। জাপানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত। এর আগে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাপানের প্রতিনিধি দলটি। পরিদর্শনের আলোকে তারা সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তারা বলেন, এ বন্ধুত্ব একদিনের নয়, এটা অটুট রাখতে হবে।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন এমএলএস করপোরেশনের সিইও ওইকাওয়া ইউসুকি, মিয়ানমার ডাউই কালচার ইকোনমি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসুয়ো মেগা, গকুবান করপোরেটিভের ডাইরেক্টর তেত্সুফুমি ফুজিসাওয়া প্রমুখ। এ সময় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশিক্ষণ) মো. শহীদুল আলম ও উপসচিব কাজী আবেদ হোসেন উপস্থিত ছিলেন।
