শিক্ষা মন্ত্রণালয় প্রতিবারের ন্যায় এবারও দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬ আয়োজন করেছে। তিনটি গ্রুপে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ, জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগ পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দেশের সকল উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩টি গ্রুপে (৬ষ্ঠ-৮ম, ৯ম-১০ম, একাদশ-দ্বাদশ ও সমমান) নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ ও ৮ মার্চ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে এ প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্বাচিত প্রতিযোগীদের নামের তালিকা শিক্ষা অফিস-ওয়েবসাইটে প্রাপ্ত নির্ধারিত আবেদনপত্র পূরণপূর্বক ১০ মার্চ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করবে। পর্যায়ক্রমে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতার প্রতি ধাপে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ে সেরা ১২ জনকে এক লাখ টাকা করে প্রদান করা হবে।
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কৃত করবেন বলে আশা করা হচ্ছে। একজন শিক্ষার্থী সর্বাধিক ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই কথা বলা হয়।
