শাহরাস্তিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই দল চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় টামটা উত্তর ইউপির উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানায়, সভা শেষে মনোনয়ন প্রত্যাশী খন্দকার মু. মনিরুজ্জামান শান্তর সমর্থকরা তার পক্ষে মিছিল নিয়ে বেরিয়ে আসার সময় অপর মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবির মজুমদারের সমর্থকদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায়। ওই সময় দু’পক্ষের সংঘর্ষে মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান শান্ত (৩৭), ইকবাল শেখ (২৬), মৌমি (১৫), তাফাজ্জল (৭০), রিকু (৩৫), আলাউদ্দিন (২৪), ফয়সাল (১৬) আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মো. ইকবাল শেখকে হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মনিরুজ্জামানের সমর্থকরা চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ৩০মিনিট অবরোধ করে রাখে। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তারা অবরোধ প্রতাহার করেন।
মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান টামটা উত্তর ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মজুমদার জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সঙ্গে আমার কর্মী সমর্থকরা জড়িত নন।
অপর মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
