ভাটারায় নবজাতক ও ডেমরায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৯:৪৭
রাজধানীর ভাটারায় কবরস্থান থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে, ডেমরায় খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভাটারার নূরেরচালা এলাকায় ইদ্রিস আলীর কবরস্থানে গতকাল সকালে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে সবুজ রঙের কাপড় দিয়ে মোড়ানো লাশটি উদ্ধার করে। মৃত নবজাতকের শরীরে ক্ষত চি‎হ্ন ছিল। নবজাতকটিকে মৃত অবস্থায় প্রসব করা হয়, নাকি তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।
 
ডেমরায় যুবকের লাশ উদ্ধার: 
 
ডেমরার বামৈল এলাকায় ডিএনডির পানি নিষ্কাশন খাল থেকে গতকাল দুপুরে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট।
 
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই যুবককে তারা এলাকায় পরিত্যক্ত জিনিসপত্র কুড়াতে দেখেছেন। তবে তার নাম কেউ জানেন না। কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছিল না। এরপর গতকাল সকাল ১১টার দিকে ডিএনডি খালে মৃতদেহটি ভেসে ওঠে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।