খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২২:১৮
খুলনায় স্বামীর হাতে স্ত্রী ইয়াসমিন বেগম (২৫) খুন হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর শের-এ-বাংলা রোডস্থ আমতলা নাজিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ স্বামী শহীদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর দু’জনে বিতর্কে জড়িয়ে পড়ে।
 
এক পর্যায়ে স্বামীর মারপিটে সে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা থানার এসআই হারুন-অর-রশীদ জানান, এ ঘটনায় তার স্বামী শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত শহীদুল ইসলাম শের-এ-বাংলা রোডস্থ আমতলা নাজিরঘাট এলাকার জাফর হাজীর বাড়ির ভাড়াটিয়া। সে অটোবাইক চালক।