ইথিওপিয়ান এয়ারলাইনসের ‘বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮’ বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবাই নিহত হওয়ার জেরে এই মডেলের সব উড়োজাহাজ উড্ডয়ন বন্ধের ঘোষণা দিয়েছে বোয়িং। যুক্তরাষ্ট্রভিত্তিক এই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বিশ্বব্যাপী এই মডেলের ৩৭১টি উড়োজাহাজ তুলে নেবে। ইউএস ফেডারেল এডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, অন্তত মে মাস পর্যন্ত ম্যাক্স ৮ ও ৯ মডেলের বিমানগুলো ‘গ্রাউন্ডেড’ থাকবে। এফএএ আরো জানিয়েছে, নতুন প্রমাণের পাশাপাশি নতুন উপগ্রহের তথ্য পর্যালোচনা করে সাময়িকভাবে এই জেট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইথিওপিয়ার ঘটনার পর বোয়িংয়ের এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক দেশ এটি নিষিদ্ধ ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গতকাল বলেছেন, এই বিপজ্জনক বিমান বন্ধ হোক।
