খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় বাইনতলা মোড়ের একটি মার্কেটের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি কুদরত-ই-আমীর এজাজ খানসহ বিএনপির নেতাকর্মীরা স্থানীয় বাইনতলা মোড়ের একটি মার্কেটের মধ্যে অবস্থান করছিলেন।
এসময় আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান মিলন গোলদারের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণার মিছিল করে এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা বাঁশের লাঠিসোটা দিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করে।
এতে বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি, আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান শেখসহ ৮ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি ও আমীর এজাজ খানকে খুলনা মেডিকল কলেজ হাসপাতাল এবং বাকিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপি’র নেতাকর্মীদের উদ্ধার করা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
