কুমিল্লার চান্দিনা উপজেলায় 'দৃষ্টি প্রতিবন্ধী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা' উদ্বোধনের মাত্র এক ঘন্টা যেতে না যেতেই মোটররেসিং সার্কাস দুর্ঘটনা ঘটে। এতে খেলোয়ার, শিশু ও নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মেলা দর্শনার্থী হৃদয় (১২), তিতুসী (৮), সৈকত (১২) এনজিও কর্মকর্তা গিয়াস উদ্দিন (৫০), লাইব্রেরী ব্যবসায়ী আলাউদ্দিন (৫০), সেলিম (৪৫), জাহানারা (৪৫), রূপালী (১০), সার্কেস খেলোয়ারসহ অজ্ঞত পরিচয়ের আরও ৫ জন। এদের মধ্যে হৃদয়ের অবস্থা আশংকাজনক। তার পিতার নাম রতনশীল, গ্রাম কাদুটি- চান্দিনা। হৃদয় স্থানীয় একটি কনফেকশনারিতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দন্ডায়মান কাঠের গোলক বৃত্তে মোটরসাইকেল রেসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনার্থী সারিতে উপচে পড়ে। এসময় খেলোয়ার নিচে পড়ে যায় এবং দর্শক সারির স্বল্প স্থানে মটোরসাইকেল ধাক্কায় নারী ও শিশুসহ ৬ জন আহত হয়।এছাড়া দুর্ঘটনা আতঙ্কে তাড়াহুরু করে নামতে গিয়ে অন্তত ৭জন আহত হয়।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী দুর্ঘটার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে রাত ৮টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
