কফি সৌন্দর্যচর্চায় একটি কার্যকরী উপাদান হতে পারে। এটি ত্বকের বিভিন্ন অংশে নানাভাবে ব্যবহৃত হতে পারে। কফি পানে দেহে যেমন চাঙ্গা ভাব আসে, তেমনি ত্বকের যত্নে, ফেসিয়ালে, চুলের যত্নে কফির ব্যবহার ত্বকের সজীবতা, কোমলতা, মসৃণতা ফিরিয়ে আনে, ত্বকের নানা রকম সমস্যা দূর করে।
পান করার পাশাপাশি কফি ব্যবহার করুন রূপচর্চার উপাদান হিসেবে।
চোখের ফোলা ভাব ও কালো দাগ দূর করে
চোখের ফোলা ভাব ও কালো দাগ দূর করতে কফি কার্যকরী একটি উপাদান, যা চোখের চার পাশের কালো দাগ সারিয়ে তুলতে রূপচর্চায় ব্যবহৃত হতে পারে। কফির গুঁড়া পানি দিয়ে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে, এটি চোখের নিচে ও চোখের পাতায় লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের রক্তসঞ্চালন বৃদ্ধি পাবে, চোখে আরাম ও স্বস্তি আসবে, চোখের উজ্জ্বলতা বাড়বে, চোখের চার পাশের অতিরিক্ত পানি শোষণ করে চোখের ফোলা ভাব সারাতে সাহায্য করবে।
বডিস্ক্রাবার হিসেবে কাজ করে
সুগন্ধিযুক্ত কফি বডিস্কাবার হিসেবে ভালো কাজ করে। ত্বকের মরা কোষ দূর করে ত্বকে সজীবতা ফিরিয়ে আনতে এটি ভালো কাজ করে। ত্বকের রুক্ষ ভাব সারিয়ে ত্বককে কোমল-মসৃণ করতেও এর জুড়ি নেই। নারকেল তেল অথবা অলিভ অয়েল কফি পাউডারের সঙ্গে মিশিয়ে এই পেস্টটি হালকাভাবে মুখে স্ক্রাব করুন।
ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ব্ল্যাকহেডস দূর করে
কফি ত্বকের ব্ল্যাকহেডস বিশেষ করে নাক চিবুক এবং কপালের দাগগুলো দূর করে। ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে। কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্ষতিগ্রস্ত ত্বক সারাতে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
কফি ত্বককে স্বাস্থ্যকর করে। এটি ব্রণের সমস্যাও সারাতে সাহায্য করে। কফি ত্বকের সৌন্দর্যচর্চায় ফেসিয়াল হিসেবে ব্যবহৃত হয়, যা ত্বকের উজ্জ্বলতা, সজীবতা বাড়ায় ও ত্বককে টান টান করে। ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় নির্জীব ত্বকের কোষগুলোকে সঞ্চালিত করে ত্বককে সমৃণ, কোমল, উজ্জ্বল করে। ত্বকের ব্যাকটেরিয়া আক্রমণ রোধ করে।
দুর্গন্ধ দূর করে
সাবান ও পানি যথেষ্ট নয় ত্বকের গন্ধ দূর করতে। ঘামের গন্ধ অতিরিক্ত হলে তা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে। এর থেকে নিস্তার পেতে কফি একটি কার্যকরী উপাদান হতে পারে। কফির গুঁড়া পানিতে গুলে ত্বকে ঘষে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। অথবা বাথটাবে পানিতে কফি গুলে ২০ মিনিট বসে থাকুন। তারপর পানি দিয়ে গোসল করে ফেলুন।
বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলে দেয়
কফি শুধু দেহের ত্বকই নয়, মাথার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। ত্বকের মরা কোষ, চুলের ভঙ্গুরতা সারাতে সাহায্য করে। বন্ধ হয়ে যাওয়া লোমকূপ, খুশকি, মরা চামড়া সারাতে সাহায্য করে। গুঁড়া কফি, কুসুম গরমপানিতে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। কফির উচ্চমাত্রার এসিড ত্বকের উজ্জ্বলতা ও চুল বৃদ্ধিতে সাহায্য করে।
চুলের রঙে কফি
কফি ক্ষতিগ্রস্ত চুলকেই সজীব করে না, চুলকে রঙিন করতেও এর জুড়ি নেই। কফি ও মেহেদি গুঁড়া মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগিয়ে রাখুন। দেড় ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলন। এতে চুলে সুন্দর রঙ পাওয়া যায়।
পায়ের সৌন্দর্য বৃদ্ধিতে
পায়ের ম্যাসাজে কফি কার্যকর উপাদান। এক কাপ কফির সঙ্গে আধা বালতি পানি মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন। হালকাভাবে পায়ের আঙুল, পায়ের নিচের ত্বক, গোড়ালি ঘষে তারপর পানিতে ধুয়ে ফেলুন।
