ঘিওরে সড়ক দুর্ঘটনায় লেগুনার হেলপার নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৩:৪৯
ঢাকা- আরিচা মহাসড়কের ঘিওরের বানিয়াজুরী ও পুখুরিয়া এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় লেগুনার হেলপার নিহত হয়েছেন। অপর এক পথচারী আহত হয়েছেন। শনিবার সকালে লেগুনার চাকা পরিবর্তন ও সড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। 
 
নিহত লেগুনার হেলপার আলমগীর হোসেন (৩২) শিবালয় উপজেলার তেওতা গ্রামের সালামত আলীর ছেলে। আহত মোজাম্মেল হোসেনকে (৫২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পুখুরিয়া এলাকায় লেগুনা গাড়ির চাকা ছিদ্র হয়ে গেলে ওই সহকারী আলমগীর তা পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান লেগুনাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আলমগীর গুরুতর আহত হলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। 
 
এদিকে, সকাল ৮ টার দিকে মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন মোজাম্মেল। পাটুরিয়াগামী একটি ট্রাক (ঢাকা ড ৩৪৫৯) তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন তিনি। 
 
স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শরীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
 
এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌল্লা জানান, লেহুনার ওই সহকারীর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আর বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা থেকে পথচারীকে ধাক্কা দেয়ার পরপরই ট্রাকটি আটক করা হলে চালক-সহকারী পালিয়ে গেছেন। পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের হয়েছে।