কুমিল্লায় পরীক্ষা চলাকালে কর্তব্যরত শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে ফজলে রাব্বী ও রাশেদ খান নামের দুই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার নগরীর কুমিল্লা সরকারি কলেজে বিএড পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত শিক্ষক ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার কুমিল্লা সরকারি কলেজে বিএড পরীক্ষা চলাকালে সকাল ১০টার দিকে একটি হলের কয়েকজন পরীক্ষার্থী তাদের নিজ নিজ আসনের পরিবর্তে অন্য আসনে বসেন। এ সময় ওই হলের কর্তব্যরত ও কুমিল্লা সরকারি কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক সোহেল রানা তাদেরকে শৃংখলা ভঙ্গ না করে নিজ নিজ আসনে বসে পরীক্ষা দেয়ার জন্য বলেন। এতে পরীক্ষার্থী রাশেদ খান (২২) ও ফজলে রাব্বীসহ (২৩) কয়েকজন পরীক্ষার্থী ওই শিক্ষকের ওপর চড়াও হয়।এক পর্যায়ে তাকে কিল-ঘুষিসহ লাঞ্ছিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে ওই দুইজনকে আটক করে। পরে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
আটকরা হচ্ছেন- জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের নুরুজ্জামান খানের ছেলে রাশেদ খান ও মুরাদনগর উপজেলার পীরকাশেমপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে ফজলে রাব্বী।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিমুল এহসান জানান, পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে দায়িত্ব পালনে বাধা দেয়া ও লাঞ্ছিত করার দায়ে আটককৃত রাশেদ খান ও ফজলে রাব্বীকে একমাস করে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
