এসএসসির ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত না দেয়ায় ৮৯৬ স্কুলকে শোকজ

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:৩৫
এসএসসির ফরম পুরণে আদায় করা অতিরিক্ত অর্থ নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ফেরত না দেয়ায় ৮৯৬টি স্কুলকে শোকজ করেছে রাজশাহী শিক্ষাবোর্ড।
 
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ণন্ত্রক সামশুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত টাকা ফেরতে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময় ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু বোর্ডের অন্তর্ভুক্ত ৮৯৬টি স্কুল টাকা ফেরত না দেয়ায় তাদের শোকজ করা হয়েছে।
 
শিক্ষাবোর্ড সূত্র জানায়, রাজশাহী শিক্ষাবোর্ডের এক হাজার ৬৩১টি স্কুলের মধ্যে এক হাজার ৩১১টিই এসএসসির ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এর মধ্যে মাত্র ৯৫টি স্কুল মন্ত্রণালয়ের নির্দেশনামত নির্ধারিত সময়ের মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। কিন্তু ৮৯৬টি স্কুল মন্ত্রণালয়ের নির্দেশ আমলে না নিয়ে অতিরিক্ত অর্থ এখনো ফেরত দেয়নি। এ সংখ্যা রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪৭টি, পবায় ৭৪টি, বাঘায় ৬১টি, চারঘাটে ৫২টি, পুঠিয়ায় ৪১টি, দুর্গাপুরে ৫৯টি, বাগমারায় ১৪৬টি, তানোরে ৯০টি., গোদাগাড়ীর ৯৩টি এবং রাজশাহী মহানগরীর ১৫টি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৪২টি, নাটোরে ১০৫টি, নওগাঁয় ১৪৮টি, জয়পুরহাটে ৩১টি, পাবনায় ২৩টি, সিরাজগঞ্জে ৫৫টি এবং বগুড়ায় ৭টি স্কুল এসএসসির ফরম পুরণে কোচিং ও উন্নয়নের নামে অতিরিক্ত অর্থ আদায় করেছে।
 
সূত্র জানায়, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন স্কুলের মধ্যে সবচেয়ে বেশি টাকা আদায় করেছে বগুড়ার স্কুলগুলো। বগুড়ার স্কুল গুলোতে ৩ হাজার ৪৫৫ টাকা থেকে ১০ হাজার ৮৪৫ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। সূত্র মতে, বগুড়ার বিরাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এসএসসির ফরম পুরণে বাণিজ্য বিভাগে ফরম পুরণে নেয়া হয় ১০ হাজার ৭৪৫ টাকা। অথচ এই স্কুলের জন্য বোর্ড নির্ধারিত ফি মাত্র এক হাজার ৩৫৫ টাকা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফরম পুরণে আদায় করা হয় দুই হাজার ৩শ টাকা। অথচ এ স্কুলের জন্য বিজ্ঞান বিভাগে বোর্ডের নির্ধারিত ফি এক হাজার ১৫৫ টাকা। পাবনা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ফরম পুরণে আদায় করা হয় দুই হাজার ৫শ টাকা। অথচ এই স্কুলের জন্য বোর্ড নির্ধারিত ফি এক হাজার ৫৫ টাকা। অভিযুক্ত স্কুলগুলো কৌশল হিসেবে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা গ্রহণের বিপরীতে কোনো রশিদও দেয়নি। এভাবেই রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন স্কুলগুলো দ্বিগুণের বেশি টাকা আদায় করে।
 
এ ব্যাপারে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত না দেয়ায় বোর্ডের ৮৯৬টি স্কুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। জবাব সন্তোষজনক না হলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওইসব স্কুলের প্রধান শিক্ষকদের এমপিও স্থগিত এবং ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হবে।