দৈনিক ইত্তেফাকসহ একাধিক মিডিয়ায় ‘গৌরীপুরে জীবিত ইউপি সদস্য ভোটার তালিকায় মৃত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়।
শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোছা জানান, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি সংশোধন করা হয়েছে।
ভোটার তালিকায় মৃত দেখানো হায়দার উদ্দিন চৌধুরী বলেন, ‘ভোটার তালিকায় এখন আমি জীবিত হয়েছি। আমার প্রাথমিক বিজয় হয়েছে, আশা করি নির্বাচনেও জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।’
উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের জমির উদ্দিন চৌধুরীর ছেলে হায়দার উদ্দিন চৌধুরী বোকাইনগর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তার আইডি নম্বর ১৯৭০৬১১২৩২২৭৯৬৬৩২। তার ভোটার নম্বর ছিল ৬১১৭২৬৭৯৬৬৩২। বুধবার মনোনয়নপত্র জমা দিতে এসে দেখেন সংশোধিত ভোটার তালিকায় তার নাম নেই। দ্রুত ছুটে যান উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে নির্ধারিত আইডি নম্বরে সার্চ দিয়ে দেখা যায়, মৃত লেখা! মো. হায়দার উদ্দিন চৌধুরী ছুটে যান, নির্বাচন কমিশনে। অবশেষে সম্পূরক ভোটার তালিকায় তার নাম প্রকাশের মাধ্যমে তিনি ভোটার তালিকায় ‘জীবিত’ হন।
