'বিদেশ থেকে চাল আমদানি অব্যাহতভাবে চলতে থাকবে আর দেশের চাল কল মালিকদের ব্যবসা বন্ধ হবে তা হতে পারে না।' ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শনিবার ঈশ্বরদীতে এই কথা বলেন।
পাবনা ঈশ্বরদী উপজেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আরও বলেন, 'দেশে চালের আমদানি বেশি হলে এর মূল্য ১৫০ টাকা কেজিতে গিয়ে দাড়াবে।'
সরকার চালের প্রকিউরমেন্ট প্রাইস ১ টাকাও কমায়নি উল্লেখ করে তিনি বলেন, 'সরকার ৩১ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে মিলারদের মাধ্যমে চাল সংগ্রহ করছে। বাজারে একই চাল ২২ টাকা থেকে ২৫ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।'
শামসুর রহমান শরীফ বলেন, 'একটি এলাকায় ব্যবসা বাণিজ্য যতো প্রসার লাভ করবে সেই এলাকার উন্নতি ততো বেশি হবে।' উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, 'ঈশ্বরদী চাল-মিল মালিক গ্রুপের বদৌলতে এ উপজেলার বিভিন্ন চাল কলে ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।'
এর আগে শনিবার সকালে ভূমি মন্ত্রী ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুরে সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাইস্কুল এবং গ্রীন জুয়েল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
