তিনদিনে ছিনতাইকারীদের হাতে নিহত ১, জখম ৬

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২০:৪১
রাজধানীতে গত ৩ দিনে ছিনতাইকারীদের হাতে একজন খুন হওয়াসহ ৬ জন গুরুতর জখম হয়েছে। ছিনতাই করা হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকারও বেশি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আগারগাও, বাড্ডা, বংশাল ও তেজগাও শিল্পাঞ্চল এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। এদের মধ্যে শনিবার আগারগাঁওয়ে দিনে-দুপুরে একটি মাইক্রোবাস থামিয়ে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগারগাঁওয়ের তালতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে গুলি করে ছিনতাই করা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা  সাংবাদিকদের  জানান, একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা এসে কৌশলে মাইক্রোবাসটির গতি রোধ করে থামিয়ে দেয়। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকের বাক-বিতণ্ডা হয়। এমন সময় দুইটি মোটরসাইকেলে করে মোট ছয়জন অস্ত্রধারী ছিনতাইকারী মাইক্রোবাসটিকে ঘিরে এলাপাথাড়ি গুলি করে। ছিনতাইকারীরা ২০-২৫ রাউন্ড গুলি ছোড়েন। এক পর্যায়ে  বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান পায়ে গুলিবিদ্ধ হন। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুক হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মো. বাবুও  আহত হয়েছেন। গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন  প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।
 
ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের টহল টিম, মোবাইল টিম ছাড়াও ছিনতাই প্রতিরোধকারী টিমগুলো ছিনতাই প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছে।  
বাড্ডায় বৃহস্পতিবার ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায় মদন চন্দ্র রায় ওরফে মধু (২৮) নামে এক দিনমজুরকে। আহত মধুকে ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়। 
 
ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মধু দিনাজপুর জেলার কোতয়ালি থানার মুড়ালিপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে। তিনি বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় থাকতেন। 
 
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম  জানান, বৃহস্পতিবার রাতে মধু ও তার ছোট ভাই তপন দিনমজুরের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় বাড্ডার আনন্দনগর ছাইতানতলী অনসার ক্যাম্পের সামনে আসলে ৪-৫ জন ছিনতাইকারী চাপাতি দিয়ে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মধুর অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান মধু। 
 
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, নিহত মধু ৩ মাস ধরে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এলাকায় কারো সঙ্গে তার কোন ব্যক্তিগত ঝামেলা রয়েছে এমনটি শোনা যায়নি। তার পরও একটি মোবাইলের জন্য ছিনতাইকারীরা তাকে এভাবে হত্যা করতে পারে এমন ঘটনা বিশ্বাস করতে চায়নি পরিবার। এ কারণে ঘটনাটি ছিনতাই না অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে। 
 
বংশাল থানার এসআই সিরাজ উদ্দিন জানান, চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা ওমর শরীফ (৪০) শনিবার সকালে লঞ্চে এসে সদরঘাটে নামেন। সেখান থেকে রিকশায় শান্তিনগর এলাকায় বোনের বাড়িতে যাচ্ছিলেন। বংশালের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধের পর ডানপায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
 
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে আব্দুর রশীদ (৩২) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত আব্দুর রশীদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা ও কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন। 
 
গত বৃহস্পতিবার রাতে খিলগাঁও থেকে হেঁটে বৌবাজারে নিজের বাসায় ফিরছিলেন সাজেদুল। রাত সাড়ে ৯ টার দিকে বাসার কাছাকাছি পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তির এক পর্যায়ে সাজেদুলের কাছে থাকা ২ হাজার টাকা নিতে পারলেও মোবাইলটি নিতে পারেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাজেদুলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। সাজেদুল নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পুরান ঢাকার বংশালে দিনে-দুপুরে মো. ইউসুফ (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।