রংপুরে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষে আহত ২০

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২২:০৮
রংপুরে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। । এ সময় পুলিশ ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়।
 
জানা গেছে, শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এসআই শাহ আলম খবর পান নগরীর সাতমাথা এলাকায় খন্দকার টেলিকমে অপহরণকারীরা মুক্তিপণের টাকা তুলতে আসবে। সন্ধ্যায় পুলিশ ওই টেলিকমের দোকানের সামনে অবস্থান নেয়। সন্ধ্যায় অপহরণকারীরা এসে ১৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করার চেষ্টা করে। এ নিয়ে সাতমাথার ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে  তারা পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশের অস্ত্র কেড়ে নিতে চেষ্টা করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এ সময় তারা কমপক্ষে ২০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে আজহার আলী, দুলালসহ ২০ জন ব্যবসায়ী আহত হন। পুলিশ এ সময় ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম জানান, অপহরণকারীদের মুক্তিপণের টাকা তোলার সময় পুলিশ অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা করে। ব্যবসায়ীরা বাধা দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
এ ব্যাপারে সাতমাথা দোকান মালিক সমিতির সভাপতি আতিকুল্লাহ আতিক জানান, পুলিশ দোকানের কর্মচারীকে মারপিট করায় এমন ঘটনা ঘটেছে।