দিনাজপুর জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রী ও এক কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে দুর্ঘটনা দুইটি ঘটে সদর উপজেলার গোপালগঞ্জ ও দিনাজপুর মেডিকেল কলেজের সামনে।
শনিবার সকাল সাড়ে ১০টায় নিহত ছাত্রী রহিমা খাতুন রিমার নামাজে জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। জানাজায় হাবিপ্রবির ভিসি প্রফেসর মোঃ রুহুল আমিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর লাশ দাফনের জন্য গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় পাঠানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় শিক্ষার্থী রহিমা খাতুন রিমা ও তার সহযোগী সজিব হাসান অটো রিকশাযোগে হাবিপ্রবি থেকে দিনাজপুর শহরে আসছিলেন। পথের মধ্যে সদর উপজেলার গোপালগঞ্জ নামকস্থানে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই অটোরিকশার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা ২ শিক্ষার্থী আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টায় রহিমা খাতুন রিমা মারা যান।
নিহত রিমা দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বাসিন্দা। আহত সজিব হাসান (২৪)কে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে শুক্রবার রাত ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে চাপা পড়ে ওই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী টিটুর (৩৫) মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিপ্রবির একটি বাস মেডিকেল কলেজের সামনের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথিমধ্যে এবড়ো-থেবড়ো সড়কে হাবিপ্রবির বাস হেলপার (কর্মচারী) টিটু পড়ে গিয়ে ওই বাসেরই পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
