তৃণমূলে গণতন্ত্র চর্চায় ইউপি নির্বাচনে স্বচ্ছতার বিকল্প নেই: তাসমিমা হোসেন

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ০২:৪০
জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক এমপি তাসমিমা হোসেন বলেছেন, স্থানীয় সরকারের প্রথম স্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনমতের যথাযথ প্রতিফলন ঘটাতে তথা অর্থবহ করে তুলতে ভোট প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করা আবশ্যক। তৃণমূলে গণতন্ত্র  চর্চা, মানুষের সার্বিক উন্নয়ন এবং নিরাপদ জীবন-যাপন নিশ্চিত করার জন্য বর্তমান ইউনিয়ন পরিষদে স্বচ্ছ নির্বাচনের কোন বিকল্প নেই। তাই এ নির্বাচনে দায়িত্বরত সকলকেই সজাগ থাকতে হবে যাতে  মানুষ নির্বিঘ্নে তার ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে সমর্থ হয়।
 
গতকাল শনিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে জাতীয় পার্টি-জেপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে জনসংযোগকালে বিভিন্ন পথসভায় তাসমিমা হোসেন আরও বলেন, আমরা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে  ৩২ বছর ধরে এই অঞ্চলে দলমত নির্বিশেষে গণ মানুষের ভাগ্য উন্নয়নে ঐকমত্যের ভিত্তিতে উন্নয়ন ও সেবামূলক কাজ করে আসছি। এই মহান কর্মযজ্ঞে মানুষের আস্থা, ভালবাসা ও সমর্থন সব সময় আমাদের পাথেয় হওয়ায় তাদের সাথে বোঝাপড়া ও বিশ্বাসের সম্পর্ককে শ্রদ্ধা ভরে মূল্যায়ন করি। এখানকার বাসিন্দারা সুখ-দুঃখে আমাদের সাথে অবিচ্ছেদ্যভাবে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের নেতা আনোয়ার হোসেন মঞ্জু সব সময় জনগণের উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সরকারে দায়িত্ব পালন করে চলেছেন নিজের দলীয় পরিচয়কে বজায় রেখেই। তিনি নানা সংকট কালে ঝুঁকি নিয়ে হলেও ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন।
 
তাসমিমা হোসেন বলেন, জাতীয় পার্টি-জেপি সকল স্তরে যোগ্য, দক্ষ, কর্মক্ষম ও জনপ্রিয় ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব দিতে আগ্রহী বলে বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউখালী-ভান্ডারিয়া-জিয়ানগরসহ অন্যান্য এলাকায় অনুরূপ ব্যক্তিদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে। ইউনিয়ন পরিষদ দেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রথম ধাপ হওয়ায় এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তাদের আমাদের উন্নয়ন ভাবনার যথাযোগ্য সহযোগী হতে হবে। তা হলে দীর্ঘ ৩০ বছরের অধিককাল ধরে দক্ষিণাঞ্চল তথা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আনোয়ার হোসেন মঞ্জু যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সে ক্ষেত্রে তৃণমূলের প্রতিনিধিদের কাঙ্খিত সাহায্য সহযোগিতা আগের মত নিশ্চিত করা যাবে। এই প্রত্যাশাকে সফল করতে বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করতে সাইকেল মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তাসমিমা হোসেন বলেন, সাইকেল হচ্ছে গ্রামীণ জনপদে উন্নতি ও অগ্রযাত্রার চলমান প্রতীক।
 
তাসমিমা হোসেন গতকাল শনিবার দিনভর জনসংযোগ কালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত ইউনিয়নে জেপি’র চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিকদার, উত্তর রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে সয়না রঘুনাথপুর ইউনিয়নে দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউনিয়নে জেপি’র প্রার্থী রাজু আহমেদের পক্ষে সোনাকুর মিনাবাজার ও আমরাজুড়ি ফেরিঘাট, কাউখালী সদর ইউনিয়নে দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম তালুকদারের পক্ষে উত্তর বাজার বালুর মাঠ এবং চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী মো. বজলুর রহমান নান্নু’র পক্ষে চিড়াপাড়া ফরাজী বাড়ী স্কুল মাঠে পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি-জেপি’র কাউখালী উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান।
 
সংশ্লিষ্ট প্রার্থীগণ ছাড়াও এ সব পথসভায় বক্তব্য রাখেন জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কেন্দ্রীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মহানগরীর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া খান খোকন, যুব সংহতির কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, কৃষকপার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, শিয়ালকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর, ইউনিয়ন জেপি সভাপতি মো. শাহজাহান মোল্লা, জেপি নেতা শাহ আলম নসু, আব্দুল লতিফ খসরু, হাফেজ সোলায়মান, আনোয়ার হোসেন লিটু, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি হারুন অর রশীদ প্রমুখ। কাউখালীতে দিনভর সফর কালে তাসমিমা হোসেনের সাথে ছিলেন ভান্ডারিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, কাউখালীর উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, ছাত্র সমাজের সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ।  
 
ভান্ডারিয়া সংবাদদাতা ফজলুর রহমান জানান, জেপি’র প্রেসিডিয়াম সদস্য তাসমিমা হোসেন গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধার পক্ষে ভোট প্রার্থনা করে স্থানীয় সেনেরহাটে এক পথসভায় বক্তব্য রাখেন। আব্দুর রহমান খানের সভাপতিত্বে এখানে প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন জেপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম মহাসচিব ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি নেতা ইউসুফ আলী আকন, হুমায়ুন কবির, বাদল সিকদার, মোস্তফা সিকদার, সালাউদ্দিন রাহাত জোমাদ্দার, রেজা আহমেদ দুলাল, সাইদুর রহমান সাব্বির, রবিউল করিম সরদার, সুজন হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইউনিয়ন জেপি’র সভাপতি আব্দুল হালিম শরীফ, সমাজসেবী মজিবুর রহমান মৃধা, যুব সংহতির আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের আহ্বায়ক শিমুল আকন প্রমুখ।
 
ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন গত শুক্রবার রাতে ভান্ডারিয়ায় খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।