চন্দনাইশ উপজেলার দোহাজারিস্থ দিয়াকুল সংলগ্ন প্রমত্তা শঙ্খ নদীর বুক চিরে চৌকিদার ফাঁড়ি দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করছে নদীর দুই পাড়ের বাসিন্দারা।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও আনোয়ারার মধ্য দিয়ে প্রবাহিত এ শঙ্খ নদী। সংস্কার না করায় ভারি বর্ষণে পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা ঢলে পলি মাটি জমে শঙ্খ নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। ফলে গ্রীষ্ম মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় দু’তীরের বাসিন্দারা পায়ে হেঁটে চলাচল করছে।
স্থানীয় পুরানগড় এলাকার মুজিবুর রহমান জানান, পারিবারিক কাজকর্মে প্রতিদিন নদীর এ ফাঁড়ি দিয়ে আসা যাওয়ায় ১০ টাকা টোল দিতে হচ্ছে তাই নয়, নদীতে উঠানামা করতে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। কিন্তু কেউ একটি ব্রিজের কথা ভাবছে না। ভুক্তভোগী অনিমা বড়ুয়া বলেন, এখন নদীতে পানি নেই বিধায় বালির বস্তা দিয়ে রাস্তা তৈরি করে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে। তবে বর্ষাকালে ঝুঁকি নিয়ে এতো খরস্রোতের মধ্যে নৌকাযোগে পারাপার হতে হয়। সরকার চৌকিদার ফাঁড়িতে ব্রিজ নির্মাণের জন্য এ পর্যন্ত দুইবার সয়েল টেষ্ট করা হলেও তার কোনো হদিস নেই।
চট্টগ্রাম জেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শঙ্খ নদীর চৌকিদার ফাঁড়িতে ব্রিজ নির্মাণের লক্ষ্যে সয়েল টেষ্ট করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে শঙ্খ নদীর চৌকিদার ফাঁড়িতে ব্রিজ নির্মাণের বিষয় সংসদে উত্থাপন করা হয়েছে। আশাকরি শীঘ্রই এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
