ধনবাড়ি উপজেলার পাইস্কা ইউনিয়নের শতাব্দী প্রাচীন বেরিপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী দুই শতাধিক। শিক্ষক পাঁচজন। ১৯৯৯ সালে জীর্ণশীর্ণ স্কুল ভবনটি ধসে পড়ার উপক্রম হলে ভেঙে ফেলা হয়। নির্মাণ হয় তিন কক্ষবিশিষ্ট অপরিসর ভবন। এর একটিতে বসেন শিক্ষকরা। অপর দুটিতে চলে ক্লাস। দুই কক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর স্থান সংকুলান হয় না। এজন্য টানা সতেরো বছর ধরে অপরাপর ছাত্রছাত্রীরা স্কুল প্রাঙ্গণের গাছ তলায় ক্লাস করে।
গ্রীষ্ম, বর্ষা ও শীতে এভাবে ক্লাস করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামান বাদল জানান, কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য শ্রেণি কক্ষের সমস্যার কথা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও লাভ হয়নি। ধনবাড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান জানান, ভবন নির্মাণ খুবই জরুরী। কর্তৃপক্ষের নিকট লিখিত সুপারিশও করা হয়েছে।
