বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ০৮:৪৭
বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান সিকদার (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। 
 
নিহত মিজান উপজেলার সদর ইউনিয়নের দৌদ্দঘর গ্রামের ভাষান সিকদারের ছেলে।
 
এ ঘটনায় স্থানীয়রা নিহতের ছোট ভাই ইসরাফিল সিকদারকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে।
 
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, শুক্রবার দিবাগত রাত থেকে মিজান নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাগান থেকে তার ব্যবহৃত জুতা ও ঘড়ি পাওয়া যায়। পরে স্থানীয়রা মিজানকে হত্যা করা হয়েছে সন্দেহে তার ভাই ইসরাফিলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চৌদ্দঘর প্রথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলেও জানান ওসি।