খুলনায় চিকিৎসকদের ধর্মঘট চলছে

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:১৫
 
খুলনা জেলায় সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরতসহ চিকিৎসকরা লাগাতার ধর্মঘট পালন করেছেন। রবিবার জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে চিকিত্সাসেবা বন্ধ রয়েছে।
 
শনিবার থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালনের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা । এর আগে গত বৃহস্পতিবারও সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছিলেন তারা।
 
ধর্মঘটের কারণে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এতে চরম দুভোর্গে পড়েছেন তারা।
 
গত ২৯ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুল্লাহেল মামুনকে ঘুষি মারেন স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান। এতে ঐ চিকিৎসকের তিনটি দাঁত ভেঙে যায়। অভিযুক্ত ঐ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা ।
 
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান জানান, চেয়ারম্যান অহিদুজ্জামানকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।