বরিশালে ওষুধের ডিপোতে ডাকাতি, আহত ৪

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:১৭
 
বরিশালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপোতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহত মামুন, আসলাম, মহারাজ  ও আবুল আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইনসেপ্টার বরিশাল ডিপোর ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, রাতে ডিপোর পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে একদল ডাকাত ডিপোতে ঢুকেপরে। তারা চার নিরাপত্তাকর্মীকে কুপিয়ে বেঁধে রাখে। পরে ভল্ট ভেঙে নগদ টাকা, কম্পিউটারের ১০টি হার্ডডিস্ক, সিসি ক্যামেরা ও ওষুধভর্তি একটি পিকআপ ভ্যানসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভোরে ডিপোতে গিয়ে দেখার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
 

তিনি আরো জানান, ভোরে ডেলিভারি অ্যাসিসটেন্ট মিরাজ হোসেন তাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।