মুক্তাগাছায় হিন্দু ব্যক্তির লাশ কবরে!

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৬:৪২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশকে মুসলিম পন্থায় কবর দেয়ার ৩ দিন পর  জানা গেলো তিনি ছিলেন হিন্দু। শনিবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী মানিক চন্দ্র সূত্রধরের (৪০) ছবি দেখে সহোদর বড়ভাই ভোলা চন্দ্র সূত্রধর সনাক্ত করেন।
 
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তারাটি তেরিপাড়া এরাইজতলস্থ একটি জিগা গাছের ডাল থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করে। পরদিন শুক্রবার লাশ উদ্ধার শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মুক্তাগাছা পৌর গোরস্থানে লাশের কবর দেয়া হয়।
 
এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়। উপজেলার মানকোন ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার সিরাজ জানান,  বিষ্ণুপুর গ্রামের প্রফুল্ল সূত্রধরের ছেলে ভোলা সূত্রধরসহ তার বাড়ির লোকজন ফাঁসির ঘটনা শুনে আমাকে নিয়ে থানায় যান। মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলামের কাছে থাকা মানিকের ছবি দেখে পরিবারের লোকজন নিশ্চিত হন যে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী মানিক ভোলা সূত্রধরের ছোটভাই।
 
ভোলা সূত্রধর আজ রবিবার জানান, এখন লাশের সৎকার কিভাবে হবে, তা জানতে পুরোহিতের পরামর্শ চাওয়া হয়েছে। এ ব্যাপারে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, মানিকের পরিবারের পক্ষ তাদের ধর্মীয় রীতি অনুসারে লাশ সৎকার করতে চাইলে থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হবে।