হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যার পর মাটিচাপার ঘটনায় তদন্ত কমিটির অনুসন্ধানে পুলিশের গাফিলতির প্রমাণ মেলার পর এক এসআইকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এক পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি।
দুই দফা তারিখ পরিবর্তনের পর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
কমিটি প্রধান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বাহুবল থানার এসআই জিয়াউর রহমান জিয়াকে বরখাস্ত এবং পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি বালিচাপা দেয়া তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ছিল এলাকাবাসী ও নিহত শিশুদের পরিবারের। অভিযোগের প্রক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটি করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। এছাড়া র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’নিহত হন মামলার অন্যতম প্রধান আসামি বাচ্চু।
