যশোর কেন্দ্রীয় কারাগারের অদূরে সিরাজুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেলে নেয়া হয়েছে। আহত সিরাজুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বাসিন্দা এবং যশোর কারাগারের কারারক্ষী।
কারাগার সূত্র মতে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন করছিলেন সিরাজুল ইসলাম। দুপুরে বাইরে বের হলে কারা ফটকের অদূরে তাকে দুই যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কারা এ হামলার সঙ্গে জড়িত তা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কারা প্রশাসন জানায়নি। তবে কারাগারের একটি সূত্র বলছে ছুরিকাঘাতপ্রাপ্ত সিরাজুল ইসলামের দুই স্ত্রী। প্রথম স্ত্রী হিরার সঙ্গে তার দূরত্ব ছিল। প্রথম স্ত্রীর লোকজন তাকে ছুরিকাঘাত করতে পারে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, সিরাজুল ইসলামকে ছুরিকাঘাত বিষয়ে কারা প্রশাসন তাদের অবহিত করেনি। আবার ভুক্তভোগির স্বজনরাও অভিযোগ দেননি।
যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আহমেদ সন্ধ্যায় জানান, দুপুরে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন সিরাজুল ইসলাম। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার শরীর বিভিন্ন স্থানে জখম হয়।
