বাউফলে নির্বাচনী সংঘাতে প্রার্থীর ভাই নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১১:৪১
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
 
নিহত আশরাফ ফকির (৪৫) আদাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সামসুল হক ফকিরের চাচাত ভাই।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আশরাফ ফকির মারা গেছেন। স্থানীয়রা জানায়, প্রতিপক্ষ শিবিরে হামলা চালালে পাল্টা আক্রমণে নিহত হন আশরাফ। জানা গেছে সোমবার রাত ১০টার দিকে আশরাফ ফকির তার দলবল নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর উল্লাহর সমর্থক ও ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য সিদ্দিক মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। 
 
এ ঘটনায় সিদ্দিক মোল্লা গুরুতর আহত হলে তার লোকজন হামলাকারীদের পাল্টা আক্রমণ করলে আশরাফ ফকির গুরুতর আহত হন। স্থানীয়রা সিদ্দিক ও আশরাফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আশরাফ মারা যান বলে সাংবাদিকদের জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম।