যুক্তরাষ্ট্রের বিমান হামলায় '১৫০ সোমালি জঙ্গি' নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:৩৩
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সোমালিয়ায় দেড় শ জনেরও বেশি আল শাবাব জঙ্গি নিহত হয়েছে। পেন্টাগনের মুখপাত্র বিমান হামলার খবর জানিয়ে বলেন, আল শাবাবের একটি ট্রেনিং ক্যাম্পে বিমান হামলা চালানো হয়। ক্যাম্পটিতে 'ব্যাপক মাত্রায়' হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
 
মুখপাত্র ক্যাপ্টেন ডেভিস বলেন, 'আমাদের কাছে খবর ছিল তারা ক্যাম্পটি ছেড়ে যেতেন এবং যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন বাহিনীর ওপর হামলা চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেড়শ জনের বেশি সন্ত্রাসবাদী যোদ্ধাকে দূর করা সম্ভব হয়েছে।'
 
তিনি আরও বলেন, হামলায় চালক বিহীন ও চালকসহ দুই ধরনেরই বিমান ব্যবহার করা হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১২০ কিলোমিটার উত্তরে রাসো ক্যাম্পে হামলা চালানো হয়। ক্যাম্পটির ওপর বেশ কয়েক দিন থেকেই নজর রাখা হচ্ছিল। সূত্র: বিবিসি