যশোর পৌরসভায় ৩৭ কোটি ৭৮ লাখ ২ হাজার ২৩৫ টাকার দায় দেনা রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ১৭ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।
দায়িত্ব গ্রহণের দুদিন পর পৌরবাসীর সঙ্গে নাগরিক সংলাপে এ তথ্য জানালেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। মঙ্গলবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্তরে নাগরিক সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মতামত ও প্রস্তাব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র।
তিনি বলেন, বিশাল দেনার বোঝা ঘাড়ে দায়িত্বভার গ্রহণ করেছি। আপনাদের সহযোগিতা গোল্ডেন সিটি উপহার দেয়া সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদ আবু সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল আরিফ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আবদুল মজিদ।
পৌর নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান মজনু, সোহেল শামীম, মিজানুর রহমান তোতা, ফখরে আলম, একরাম-উদ-দৌলা, মনিরুল ইসলাম, এটিএম এনামুল হক, আজিজুল আলম মিন্টু, দীপংকর দাস রতন, বিনয়কৃষ্ণ মল্লিক, আহসান উল্লাহ ময়না, মাস্টার নূর জালাল, জিন্নাতুন নাহার শিলা প্রমুখ।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। গত ৬ মার্চ দায়িত্বভার গ্রহণ করেছেন।
