‘যুদ্ধে স্বামী ও সন্তান হারা মুক্তিযোদ্ধা কমান্ডার বুড়িমা রাজাকারদের ক্যাম্পে ছদ্মবেশে কাজ করেন। গরু-ছাগল লুটপাট ও নারীদের ধরে পাক সেনাদের হাতে তুলে দেয় রাজাকাররা। নারী-পুরুষের সমন্বয়ে মুক্তিযোদ্ধাদের একটি দল পাকিস্তানি সমর্থক ছদ্মবেশে গরু-ছাগল নিয়ে তাদের ক্যাম্পে যায়। অন্যমনস্কতার সুযোগে আক্রমণ চালিয়ে তাদের আটক করে মুক্তিযোদ্ধারা। পরে লুটতরাজ, হত্যা, ধর্ষণসহ সব অপকর্মের জন্য রাজাকার কমান্ডার এবং তার সহযোগীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় মুক্তিযোদ্ধা কমান্ডার বুড়িমা।’
মুক্তিযুদ্ধে খুলনার চুকনগর গ্রামে সংগঠিত নির্মম গণহত্যা অবলম্বনে নির্মিত নাটক ‘এক টুকরো একাত্তর’রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে ‘অনুশীলন নাট্যদলের’৫৯তম প্রযোজনায় মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর।
অধ্যাপক এস এম আবু বকর জানান, একটি নাটকের মাধ্যমে পুরো মুক্তিযুদ্বকে তুলে ধরা সম্ভব না। তাই আমরা মুক্তিযুদ্ধের একটা অংশকে তুলে ধরার চেষ্টা করেছি। এজন্যই নাটকটির নাম ‘এক টুকরো একাত্তর’রাখা হয়েছে। রাজাকাররা ছিল অমানুষ, ধর্মহীন অমানুষদের তাড়িয়ে মানুষদের দেশ গড়াই আমাদের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল। নাটকটিতে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
