ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের কাজের প্রদর্শনী শুরু

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:৪০
শিক্ষার্থী এবং পেশাদার গ্রাফিক্স ডিজাইনাদের জন্য ‘কনকয়েরার কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট-২০১৫  এর ১২টি বিভাগের বিজয়ীদের কাজ নিয়ে  প্রদর্শনীর উদ্বোধন হয়েছে বুধবার।
 
গুলশানের এজ গ্যালারিতে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জুরি বোর্ডের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন এ সময়। আগামী ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি।
 
গত বছর ১৯ মে পেপার স্টুডিও আয়োজন করেছিলো ‘কনকয়েরার কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট-২০১৫’। থিমসহ এবং থিমছাড়া দু’ভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পেশাদাররা যেকোনো থিমের উপর এবং শিক্ষার্থীদের ‘শাশ্বত বাংলা’ থিমের উপর করা ডিজাইনগুলোর থেকে ৭ সদস্যের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
 
IMG0
 
শিল্পী খালেদ মাহমুদ, স্থপতি সালাউদ্দিন আহমেদ, গ্রাফিক ডিজাইনার লরা বোনাপেস ও ইউসুফ হাসান, কর্পোরেট আইডেন্টিটি ভিশনারি ইফতেখার এ খান, প্রিন্ট স্পেশালিষ্ট ও চিত্রগ্রাহক আরিফুর রহমান মুনির এবং বিজ্ঞাপন শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের- এর সমন্বয়ে গড়া ৭ সদস্যের জুরি প্যানেল ১২ জন  তরুণ গ্রাফিক্স ডিজাইনারের কাজ নির্বাচন করেছেন।
 
অনুষ্ঠানে পেপার স্টুডিওর পরিচালক এবং এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্যোক্তা ফারজিন কে চৌধুরী বলেন, “এই কনটেস্ট সৃজনশীল ডিজাইনার শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য একটি সম্মানজনক প্ল্যাটফর্ম তৈরি করেছে।
 
সম্প্রতি কর্পোরেট আইডেনটিটি ডিজাইন কনটেস্ট-২০১৫ স্বর্ণপদক বিজয়ী সব্যসাচী হাজরা এবং অনুপ্রেরণা পুরস্কার বিজয়ী রাশেদ চৌধুরী স্কটল্যান্ডের আরজোউইংগস ক্রিয়েটিভ পেপারস মিলে যাওয়া এবং কাগজে তৈরি ও ডিজাইনের পেছনের শৈল্পিক চিত্র দেখার আমন্ত্রণ পেয়েছেন। শিক্ষার্থী তালিকায় স্বর্ণপদক পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী তাসফিয়া জাহান দিদিন পেয়েছেন “সিউল ডিজাইন উইক-২০১৬” তে যাওয়ার সুযোগ। 
 
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার, রেডিও ফুর্তি।