মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশু সুরাইয়া চোখের সমস্যায় ভুগছে। কদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে ভোগায় সুরাইয়াকে তার মা বুধবার দুপুরে মাগুরা সদর হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, গুলিতে আঘাতপ্রাপ্ত তার ডান চোখ আস্তে-আস্তে ছোট হয়ে যাচ্ছে। দুচোখ দিয়ে সব সময় পানি পড়ছে। চোখের সমস্যায় জন্মের পর থেকেই সুরাইয়াকে ঢাকায় নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। চিকিৎসার জন্য এ মাসের শেষ দিকে তাকে আবার ঢাকায় নিয়ে যাবো।
মাগুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের কনসালটেন্ট ডা জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বড় কোন সমস্যা নয়। আবহাওয়া পরিবর্তনের কারণে সুরাইয়া শ্বাসকষ্ট, সর্দি কাশিতে আক্রান্ত হয়েছে।’
আধিপত্য বিস্তার নিয়ে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সাবেক যুবলীগকর্মী মুহাম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় কামরুলের বড় ভাই বাচ্চুর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশী মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন এবং কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।
