খুলনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বিল্লাল হোসেন খান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ প্রার্থীকে অর্থদণ্ডে দণ্ডিত করেন। দণ্ডিতদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
দণ্ডিতরা হলেন- উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার সরকার। এছাড়া ইউপি সদস্য প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নের আরতি বৈরাগী, বিউটি মণ্ডল, জামাল হাওলাদার, লিপিকা জোয়ার্দার, বিবেক বিশ্বাস, নূর আলম, বুদ্ধদেব মণ্ডল, সবিতা রায়, অলোকেনা সরকার, স্বরস্বতী বৈরাগী, পপি তরফদার, শিউলী মিস্ত্রী ও ফরিদ হোসেন। এছাড়া সুরখালি ইউনিয়নের সদস্য প্রার্থী লক্ষ্মণ ও আব্দুল হাই।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক বলেন, ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে প্রমাণিত হয়েছে। এ কারণে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনাকালে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
