নিরাপত্তা নিশ্চিত করে তবেই সফর: বিসিবি সভাপতি

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দল ভয়াবহ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হয়ে হেগলি ওভাল মাঠে ফেরার পরপরই তাদের সাথে যোগাযোগ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনি খেলোয়াড়দের সাথে কথা বলার পরপরই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

গতকাল বোর্ড সভাপতি বলছিলেন, খেলোয়াড়রা সবাই যে এতো বড় একটা কাণ্ডে নিরাপদে আছে এটা বড় স্বস্তির ব্যাপার। তবে পাপন বলেছেন, নিরাপত্তার ব্যাপারটিতে এখন নতুন করে নজর দেওয়ার সময় এসেছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তবেই কোনো দেশে সফরে যাবে বাংলাদেশ দল। 

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দেশে বাংলাদেশের তুলনায় নিরাপত্তা বলে কিছুই থাকে না বলেই পাপন বলছিলেন। তিনি বলছিলেন, এখন এই দেশগুলোকেও সতর্ক হতে হবে, ‘আমরা যখন বিদেশে যাই, যে দেশেই যাই, বিশেষ করে এই ধরনের দেশে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই ধরনের দেশে যখন যাই, তখন আমাদের দেশে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় সে ধরনের নিরাপত্তা থাকে না টিমের জন্য। আমার মনে হয় প্রত্যেকটা দেশকেই এখন সতর্ক হতে হবে। প্রত্যেকটা টিমকেই আরও বেশি সতর্ক হতে হবে। সিকিউরিটি যেই রকম থাকার কথা ছিল বা আমরা যেমন দিয়ে থাকি, ধারে কাছেও ছিল না। শুধু এখানে না, আমরা যে জায়গাই সফর করতে যাই আমরা তেমন কোনো সিকিউরিটি দেখি না।’

পাপন গতকাল পরিষ্কার করে বলে দিয়েছেন, এখন যে কোনো দেশ সফর করার আগে তারা নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে চাইবেন। এটা নিশ্চিত হলে তবেই সফর হবে, ‘আমাদের দেশে কেউ যখন আসে, তখন ওরা যে ধরনের সিকিউরিটির কথা বলে, যে ধরনের সিকিউরিটি দিতে হয়, আমরা এখন পর্যন্ত এমন কিছু পাইও নাই। সত্যি কথা বলতে আমরা এটা নিয়ে জোরাজোরিও করি নাই। অন্যান্য দেশেও দেখেছি কেউ করেও না। আপনি যদি পুরা জিনিসটা দেখেন, নিউজিল্যান্ডে এই ধরনের ঘটনা ঘটতে পারে এমন কোনো ধারণাই তাদের নাই। এখন হয়তো এ ব্যাপারে আরও সতর্ক হবে। তবে অন্যরা কি করবে জানি না। তবে আজকের ঘটনার পর এটা নিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যে দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের মিনিমাম রিকয়ার্ড সিকিউরিটি এনশিউর করতে হবে। এটা যারা দিতে পারবে তাদের ওখানেই আমরা খেলতে যেতে পারব এছাড়া খেলতে যাওয়া সম্ভব না।’

তবে বিসিবি সভাপতি নিশ্চিত যে, এই ঘটনার পর দুনিয়ার সব দেশেরই মানসিকতা বদলে যাবে। আর গতকালকের ঘটনার বাস্তবতাও তিনি তুলে ধরলেন, ‘আজকের এই ঘটনার পর সব বদলে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ  নেই। এখানে সমস্যা আপনাকে বলি। যদি সিকিউরিটি পারসন পাঠিয়েও দেই এখান থেকে আর তিন গ্রুপ হয় তবে যে গ্রুপ মসজিদে যাচ্ছে তাদের সঙ্গে যদি যায় তাহলে অন্য গ্রুপের সঙ্গে যদি ঘটে, তখন কি হবে। আমাদের সমস্ত কিছু সামলে নিয়ে দেখতে হবে। কি দরকার।’

নিউজিল্যান্ডে এই ঘটনা স্বাভাবিকভাবে বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই চিন্তা তৈরি করবে। পাপন বলছিলেন, আইসিসি নিশ্চয়ই এটা নিয়ে ভাববে, ‘আইসিসি ইভেন্টে নিরাপত্তা কিন্তু আইসিসি নিশ্চিত করে দেয়। ওটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড নিশ্চিত করে। তারপরও আমার ধারণা বিদেশে এমনিতে যে ধরনের নিরাপত্তা দেখি আমাদের মনে হয় পর্যাপ্ত না, কারণ আমরা তো এর চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেই। কারণ আমরা যেটা করি সেটা অনেক অনেক বেশি। ইংল্যান্ডে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে আগে।’