চুয়াডাঙ্গা সীমান্তে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও প্যান্ট পিস আটক

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৬:৩৪
 
বিজিবি সদস্যরা আজ শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্ট সংলগ্ন সীমান্তবর্তী বাংলাদেশি জয়নগর মাঠ থেকে উন্নতমানের ভারতীয় শাড়ি ও প্যান্ট পিস উদ্ধার করেছে।
 
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন আজ শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকদেরকে এক ই-মেইল বার্তায় জানায়, জেলা সদর উপজেলার নিমতলা বিওপি'র হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বাধীন বিজিবির একটি টহল পার্টি গত শুক্রবার ভোর রাতে মালামালগুলো আটক করে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৮৫ পিস উন্নতমানের শাড়ি ও ৮৫ পিস উন্নতমানের প্যান্ট পিস। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে  বাংলাদেশের দর্শনায় প্রবেশকাল বিজিবি সদস্যদের হাতে আটক ভারতীয় এই মালামালের মূল্য ৬ লক্ষ টাকা। আটককৃত মালামাল দর্শনা কাস্টমে জমা করা হয়েছে।