গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২১

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সোহেল সারোয়ার চঞ্চল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার খবরে দুনিয়া তোলপাড়। খবর গেছে নেপালের বিরাটনগরীতে। যেখানে চলছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। খেলোয়াড় কোচ কর্মকর্তাদের মধ্যেও উদ্বিগ্নতা ছড়িয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা কেমন আছেন তা জানতে নারী খেলোয়াড়রা উদ্বিগ্ন ছিলেন। সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন শুনে মেয়েদের ফুটবল দলে স্বস্তির নিঃশ্বাস। সেই সঙ্গে বিরাটনগরে সাফের দল সাবধানে চলাফেরা করছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া দলের বাইরে যেন কেউ না যায়, তার জন্য কড়া নজর খেলোয়াড়দের উপর। টিম বাসে সবাই এক সঙ্গে যাওয়া আসা করবেন। ক্রাইস্টচার্চের ঘটনার খবর পেয়ে বাফুফে নেপালে যোগাযোগ করেছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের খোঁজ নিয়েছে বলে জানা গেছে। আজকের খেলা নিয়েও কথা হয়েছে।

সাফের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে ২৩ মার্চ পর্যন্ত নেপালের বিরাটনগরে অবস্থান করতে হবে। যদি বাংলাদেশ সেমিফাইনাল হতে বিদায় না হয়ে যায়।

সাফের নারী আসরে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ ‘এ’ গ্রুপে বাংলাদেশ শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। নেপালও সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ এই দলের মধ্যে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়। তাহলে সেমিফাইনালে ভারতকে এড়ানো যাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন। কারণ নেপাল ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও গোল গড়ে এগিয়ে (+১) নেপাল। বাংলাদেশ যদি ভুটানকে ৩-০ গোলে হারাতে পারত তাহলে আজকে লড়াইটা সমান সমান হতেও পারত। গোল গড়ে পিছিয়ে থাকায় বাংলার কোচ গোলাম রাব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন, মিশরাত জাহান মৌসুমী, তহুরা, সানজিদা, মাসুরা, আখী, শিউলী, রূপনা, মনিকা, মারিয়াদের ভাবনা রয়েছে। নেপাল স্বাগতিক দেশ। তাদের খেলার মাঠ। দর্শকও বেশি। নেপালের খেলা হলে বিরাটনগরের দূর-দূরান্ত হতে দর্শক ছুটে আসবে। নিজেদের খেলা হলে সবচেয়ে বেশি দর্শক মাঠে খেলা দেখতে চলে আসেন। বাংলাদেশের মেয়েদের ফুটবলের খবরটা যেহেতু জানা আছে তাই নেপালী দর্শকরা আরেকটু বাড়তি আগ্রহ দেখাবে। খুব সাবধানে পা ফেলতে চায় সাবিনারা। নেপালের বিপক্ষে প্রথম সাফে কক্সবাজারে হেরে গিয়েছিল বাংলাদেশ। এরপর নেপালের বিপক্ষে ২০১৪ সালের সাফের সেমিফাইনালেও খেলেছিল। সেবারও নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ। সাফের গতচারটি আসরের তিনটিতে ফাইনাল খেলেছে নেপাল। শুধুমাত্র ২০১৬ সালের সাফের ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ রানার্সআপ হয়।

নারী সাফের গত চার আসরের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও নেপাল সব সময় সাফের অন্যতম ফেভারিট দল। এবারও তাই। অন্য গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং শ্রীলঙ্কা সেমিফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপ দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। ভারত এবং শ্রীলঙ্কা ১ খেলায় ৩ পয়েন্ট করে হলেও গোল গড়ে ভারত (+৬) এগিয়ে। ড্র করলে ভারত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।   

 নেপালও চায় না সেমিফাইনালে ভারতের মুখোমুখি হোক। তারাও ভারতকে এড়াতে চায়। বাংলাদেশও চায়। আজ নেপালের জন্য সহজ পথ হচ্ছে খেলা যদি ড্র হয় তাহলে নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিতেই হবে। এই কঠিন সমীকরণ নিয়ে সাবিনারা আজ বিকাল সোয়া ৩টায় বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে নামবে।