সাগর-রুনীর খুনীদের বিচার দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর

আপডেট : ১১ মার্চ ২০১৬, ২০:৪৩
সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনীর খুনীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ থেকে সাংবাদিকদের মধ্যে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
 
ডিআরইউ নেতৃবৃন্দ শুক্রবার সংগঠনের সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জামাল উদ্দীন, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ কমিটির অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী ডিআরইউর স্থায়ী সদস্য ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসভবনে নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পত্তি। সাগর-রুনীর হত্যার পর থেকে খুনীদের বিচারের দাবিতে ডিআরইউ ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে।
 
ডিআরইউ এর পূর্ব ঘোষিত এক মাসের আল্টিমেটাম গতকাল ১০ মার্চ শেষ হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এই সময়ের মধ্যে খুনীদের চিহ্নিত করা তো দূরের কথা, মামলা তদন্তে কোনো রকম অগ্রগতির কথা জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
 
গত ২৮ ফেব্রুয়ারি আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা করতে পারেনি তদন্তকারী সংস্থা। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে আলোচিত এই ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে আমাদের সংশয় বাড়ছে।
 
সংবাদ সম্মেলনে সাগর-রুনী হত্যাকান্ডে বিচার নিশ্চিত করতে ডিআরইউ ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যসহ সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।