মুসলিমবিরোধী বক্তব্যে এখনো অনড় ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১১ মার্চ ২০১৬, ২১:১৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তার 'মুসলিমবিরোধী' বক্তব্যে অনড় রয়েছেন। দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে থাকা ট্রাম্প শুক্রবারও বলেছেন, মুসলিমদের ব্যাপারে তিনি যা বলেছিলেন তা থেকে তিনি সরছেন না।
 
সর্বশেষ টেলিভিশন বিতর্কে মার্কো রুবিও, টেড ক্রুজসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের জবাবে ফ্লোরিডার সিনেটর রুবিও বলেন, অনেক মুসলমানই অ্যামেরিকান হিসেবে গর্ব করেন। টেক্সাসের সিনেটর ক্রুজের বক্তব্য, মুসলিমদেরকে খারাপ বলে চিৎকার করে ইসলামি চরমপন্থা মোকাবেলা করা যাবে না।
 
এই সমালোচনার মুখেও ডোনল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন না করার কথা স্পষ্ট করেই জানিয়ে দেন। ইসলাম এবং মুসলিমদের ব্যাপারে বিতর্কিত সব মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প আগেও বিতর্কের ঝড় তুলেছিলেন। সর্বশেষ এই বিতর্কেও তিনি তার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করেন।
 
তিনি মনে করেন, ইসলাম আমেরিকানদের ঘৃণা করে, ইসলামের মাধ্যমে চরম ঘৃণা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এর আগে ইসলাম সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, সেই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন না।
 
কিন্তু অপর রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও ট্রাম্পের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, জঙ্গিবাদ নিয়ে হয়তো ইসলামের সমস্যা আছে, কিন্তু বহু মুসলিম রয়েছেন যারা গর্বিত আমেরিকান নাগরিক। সূত্র: বিবিসি