উত্তরায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৩

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১০:২০
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজক বলে জানা গেছে। রবিবার সকাল সোয়া ৯টায় উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
উত্তরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সিদ্দিক জানান, বেপরোয়া গতিতে আসা প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ওই বাসের ২-৩ জন যাত্রী আহত হন। 
 
এ সময় ওই বাসটি পুলিশের পিকআপসহ তিনটি যানবাহনে ধাক্কা দেয়। এ ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রেকার এসে ক্ষতিগ্রস্থ গাড়িগুলো সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ওই বাসের যাত্রীদের সহায়তায় চালককে আটক করা হয়েছে।
 
তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।