নান্দাইলে ১৭ মাসের শিশুকে ছুরিকাঘাত

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২২:৩৯
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা এলাকায় রবিবার সকালে প্রীতি আক্তার নামে  ১৭ মাসের এক শিশু ছুরিকাবিদ্ধ হয়েছে।
 
জমি সংক্রান্ত বিরোধে শিশুটির বাবা দ্বীন ইসলামকে প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে আঘাত করলে তা লক্ষ্যচ্যূত হয়ে শিশুটির পেটে বিদ্ধ হয়ে পেছন দিকে বেরিয়ে যায়।
 
শিশুটির বাবা দ্বীন ইসলাম জানান, নয় শতাংশ জমি নিয়ে প্রতিবেশী শাহজাহানের সঙ্গে তার বিরোধ রয়েছে। এর জের ধরে সকালে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়। এক পর্যায়ের ছুরি দিয়ে আঘাত করার সময় দ্বীন ইসলামের কোলে থাকা শিশু প্রীতি আক্তার বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ খোঁজ নিয়ে জানা যায়, সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
 
শিশুর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, শিশুর ওপর যে ধরনের আঘাত করা হয়েছে খুবই হৃদয়বিদারক। এ বিষয়ে এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।