গোপালপুরে উপজেলা চেয়ারম্যান পদে হ্যাটট্রিক করলেন ঠান্ডু

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৫

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টানা তিনবার গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। গত ১৩ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি একক প্রার্থী হিসেবে বিবেচিত হন। জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।