নেত্রকোনা প্রতিনিধি
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতিকে একটি সাংস্কৃতিক বলয়ের মধ্যে এনেছে। বাঙালি সংস্কৃতি আজ বিশ্বে সমাদৃত। বিশেষ করে এদেশের হাওর জনপদের সংস্কৃতি বাঙালির চেতনাকে সমৃদ্ধ করেছে। শিল্প-সাহিত্যে হাওর সংস্কৃতির বিকাশ ঘটেছে ব্যাপকভাবে।
মোহনগঞ্জের আদর্শ নগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের আয়োজনে গতকাল শুক্রবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত বিখ্যাত গায়ক লেখক উকিল মুন্সী স্মরণে দিনব্যাপী বাউল উত্সবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন। তার নির্দেশেই সুনামগঞ্জ থেকে নেত্রকোনায় ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করা হবে। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা ধান উত্পাদনের ভাণ্ডার। আমরা এখানে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন এবং শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার।
এতে প্রধান আলোচক ছিলেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশ বরেণ্য প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীরা সংগীত
পরিবেশন করেন।
