আবারো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষারও ঘোষণা দিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিম জং উন বলেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার সক্ষমতা বৃদ্ধি করবে। পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় এবছরের শুরুর দিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় দেশটির বিরুদ্ধে। এর পর থেকেই নানা হুমকি দিয়ে যাচ্ছেন দেশটির নেতা।
উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র থাকলেও এই অস্ত্র নিয়ে দেশটির হামলা করার সক্ষমতা নিয়ে অনেক নিরাপত্তা বিশেষজ্ঞেরই সন্দেহ রয়েছে। এর আগে গত সপ্তাহে কিম বলেন, উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ছোট আকারের বোমা উদ্ভাবন করেছেন যেগুলো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বহন করা সম্ভব। সেসময় কথিত ছোট পারমাণবিক অস্ত্রসহ ছবিও প্রকাশ করে দেশটির গণমাধ্যম। সূত্র: বিবিসি
