রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নাসিমা (২১)।
মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী আলী হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বকশিবাজারের তিন নম্বর সড়কের করিম টাওয়ারের দশম তলায় স্বামী ও সন্তানকে নিয়ে নাসিমা বসবাস করতেন। তার স্বামী আলী হোসেন ওই ভবনের ম্যানেজার। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নাসিমা তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্বামী আলী হোসেন পুলিশকে জানিয়েছে।
আলী হোসেনের দাবি, মঙ্গলবার সকালে তিনি মেয়েকে স্কুুলে পৌঁছে দিতে যান। সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে স্ত্রীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, আলী হোসেনের বক্তব্যে ‘অসংলগ্নতা’ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে মৃতের বোন রেশমার অভিযোগ, নাসিমাকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী। তাকে একাধিকবার বাড়ি থেকে বের হয়ে যেতেও বলেছেন। কলহের জের ধরে আলী হোসেনই তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেন।
চকবাজার থানা পুলিশ বলছে, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তখন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
